ভূমধ্যসাগর পাড়িতে শীর্ষে বাংলাদেশিরা

 অনলাইন ডেস্ক

আপডেট: ২০২৬-০৭-৩০



ভূমধ্যসাগর পাড়িতে শীর্ষে বাংলাদেশিরা

নিরপেক্ষ ডেস্ক : ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের চেষ্টা করা দেশগুলোর নাগরিকদের মধ্যে গত বছরের মতো এবারও বাংলাদেশ বিশ্বের শীর্ষে রয়েছে। তবে এবারই প্রথম নয়; গত কয়েক বছর ধরেই বাংলাদেশ এই অবস্থান ধরে রেখেছে। ২০২৬ সালে এসে ইতালির পাশাপাশি সাগরপথে গ্রিসে প্রবেশের দিক দিয়েও বাংলাদেশ এখন শীর্ষে রয়েছে, যা নতুন রেকর্ড। এ বছরের মার্চে লিবিয়া থেকে গ্রীসে যাওয়ার পথে অন্তত ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়। তাদের মধ্যে ১২ জনই সুনামগঞ্জের বাসিন্দা। ২১ মার্চ লিবিয়ার তোবরুক থেকে রওনা হওয়া নৌকাটি দিক হারিয়ে ছয় দিন খাদ্য ও পানিশূন্য অবস্থায় সাগরে ভেসে ছিল। পরে পাচারকারীদের নির্দেশে মৃতদের মরদেহ সাগরে ফেলে দেয়া হয়। এরপরও এমন মৃত্যুযাত্রা থেমে নেই। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি বা গ্রিসে প্রবেশের চেষ্টা করতে গিয়ে লিবিয়ার বিভিন্ন ক্যাম্পে বন্দি হয়ে অসংখ্য বাংলাদেশি শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন। তাদের জিম্মি করে পরিবারের কাছ থেকে ২৫ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। এত কিছুর পরও ইউরোপে যাওয়ার স্বপ্নে লিবিয়ায় যাওয়ার এই প্রবণতা থামছে না।
ইউরোপের সীমান্তরক্ষী বাহিনী ফ্রন্টেক্সের তথ্যের বরাত দিয়ে ব্র্যাক জানিয়েছে, ২০২৫ সালে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ২০ হাজার ২৫৯ জন বাংলাদেশি ইউরোপে প্রবেশ করেছেন। আর ২০২৬ সালের প্রথম ছয় মাসেই এভাবে ইতালিতে প্রবেশ করেছেন ৪ হাজার ২৪৯ জন বাংলাদেশি। একই সময়ে লিবিয়া থেকে সাগরপথে গ্রীসে গেছেন আরও ৩ হাজার ৬০৮ জন বাংলাদেশি। বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম বলছে, এভাবে ইউরোপে যাওয়া ব্যক্তিদের বেশিরভাগের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। মাদারীপুর, শরীয়তপুর, সিলেট, সুনামগঞ্জসহ বাংলাদেশের অন্তত ১০ থেকে ১২টি জেলার মানুষ এভাবে ইউরোপে যাওয়ার জন্য মরিয়া। এসব ক্ষেত্রে এখন সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকের বিভিন্ন গ্রুপ ব্যবহার করা হচ্ছে। প্রতারিত বা নির্যাতনের শিকার ব্যক্তিরা দেশে ফিরে মামলা করলেও মূল আসামিরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।