আপডেট: ২০২৬-০৭-৩০
মুনাফা বেড়েছে ৭ বিমা কোম্পানির, কমেছে একটির
স্টাফ রিপোর্টার : দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯টি ব্যাংক ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে ৭টি ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। বিপরীতে ২টি ব্যাংকের ইপিএস কমেছে। ব্যাংকগুলোর প্রকাশিত তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানা গেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, ব্র্যাক ব্যাংক, উত্তরা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), এনসিসি ব্যাংক ও এনআরবি ব্যাংকের মুনাফা বেড়েছে। এনআরবি ব্যাংক আগের বছরের একই সময়ের লোকসান কাটিয়ে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফায় ফিরেছে। অন্যদিকে, স্ট্যান্ডার্ড ব্যাংকের মুনাফা কমেছে এবং আইসিবি ইসলামিক ব্যাংকের লোকসান আরও বেড়েছে। ব্যাংকগুলোর মধ্যে শেয়ারপ্রতি আয়ে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে ব্র্যাক ব্যাংকের। ব্যাংকটির ইপিএস বেড়ে ২ টাকা ৫৫ পয়সায় দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩৪ পয়সা। ব্যাংকটির ভাষ্য, নিট সুদ আয় ও বিনিয়োগ আয় বৃদ্ধির কারণে মুনাফা বেড়েছে। একই সঙ্গে পরিচালন নগদ প্রবাহ ও শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্যও উন্নতি করেছে।
উত্তরা ব্যাংকের ইপিএস বেড়ে হয়েছে ১ টাকা ১৭ পয়সা, যা আগের বছর ছিল ৪৬ পয়সা। বিনিয়োগ আয়, কমিশন ও ফি আয় বৃদ্ধি এবং ঋণের বিপরীতে প্রভিশন কমে যাওয়ায় এ প্রবৃদ্ধি এসেছে বলে জানিয়েছে ব্যাংকটি। মিডল্যান্ড ব্যাংকের ইপিএস ২ পয়সা থেকে বেড়ে ২৬ পয়সায় এবং ইউসিবির ইপিএস ৮ পয়সা থেকে বেড়ে ১৫ পয়সায় দাঁড়িয়েছে। ইউসিবি জানিয়েছে, সহযোগী প্রতিষ্ঠানের উন্নত পারফরম্যান্সের কারণে মুনাফা বেড়েছে। তবে ঋণ বিতরণ ও বিনিয়োগ বাড়ায় পরিচালন নগদ প্রবাহ কমেছে।
এনসিসি ব্যাংকের ইপিএস ৯৬ পয়সা থেকে বেড়ে ১ টাকা ১ পয়সা হয়েছে। ব্যাংকটির ভাষ্য, বিনিয়োগ আয় বৃদ্ধি এবং শেয়ারবাজারে প্রভিশন ফেরত পাওয়ায় মুনাফা বেড়েছে। এনআরবি ব্যাংক আগের বছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি ১ টাকা ২৯ পয়সা লোকসানে থাকলেও চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ১ পয়সা মুনাফা করেছে। একই সঙ্গে ছয় মাসের হিসাবেও ব্যাংকটি লোকসান থেকে মুনাফায় ফিরেছে। অন্যদিকে, স্ট্যান্ডার্ড ব্যাংকের ইপিএস ১৮ পয়সা থেকে কমে ১ পয়সায় নেমে এসেছে। ব্যাংকটির ভাষ্য, বিনিয়োগ আয়, কমিশন, বৈদেশিক মুদ্রা লেনদেন ও ব্রোকারেজ আয় কমে যাওয়ার পাশাপাশি আমানতের ওপর মুনাফা ব্যয় বেড়ে যাওয়ায় পরিচালন মুনাফা কমেছে। আইসিবি ইসলামিক ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান আরও বেড়ে ৩৫ পয়সায় দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ২৮ পয়সা। একই সঙ্গে ব্যাংকটির পরিচালন নগদ প্রবাহ ও শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্যও আরও অবনতি হয়েছে।
এদিকে, এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ আগামী ১৫ সেপ্টেম্বর ভার্চুয়াল মাধ্যমে ১২তম বিশেষ সাধারণ সভা (ইজিএম) আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। সভায় কোম্পানির সংঘবিধিতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান-সংক্রান্ত ধারা সংশোধনের প্রস্তাব শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অন্যদিকে, অনিবার্য কারণে আগামী ২০ আগস্ট অনুষ্ঠেয় এনআরবি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। নতুন তারিখ, সময় ও স্থান পরে জানানো হবে।
মুনাফা বেড়েছে ৭ বিমা কোম্পানির, কমেছে একটির : পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের আট কোম্পানি ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
এর মধ্যে সাতটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। তবে একটি কোম্পানির ইপিএস আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। বেড়েছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্সের আয়।
© Copyright niropekkhasangbad.com
Developed By Muktodhara Technology Limited.